গাজীপুরে শত শত ইটভাটা, বিপন্ন হচ্ছে পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় কয়েক শ অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। ছবিটি কড্ডা এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় কয়েক শ অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। ছবিটি কড্ডা এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কয়েক শ ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্ন হয়ে উঠছে। কোনো নিয়মনীতি মানছেন না ইটভাটার মালিকেরা। বন উজাড় করে তাঁরা ইটভাটায় পোড়াচ্ছেন কাঠ।
সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বাঘিয়া, কাতলাখালী, জয়েরটেক, আহাকী ও রাজাবাড়ী এবং ১২ নম্বর ওয়ার্ডের বাইমাইলসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এসব ইটভাটা। এগুলোর আশপাশে রয়েছে বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও ঘরবাড়ি। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তাঁরাই।
জানা গেছে, ইটভাটার কারণে এসব এলাকা থেকে প্রায় বিলুপ্ত হয়ে পড়ছে কৃষি। ইটভাটার কালো ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ। নষ্ট হয়ে যাচ্ছে গাছের ফল। পাখিশূন্য হয়ে পড়ছে এলাকা। নানা শারীরিক সমস্যায় পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ। তাঁদের অনেকে শ্বাসকষ্টসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন।
সিটি করপোরেশনের বাগিয়া এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেন বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য দূষণমুক্ত সুন্দর পরিবেশের প্রয়োজন। সিটি করপোরেশন এলাকায় ইটভাটা করার নিয়ম না থাকলেও এখানে শত শত ইটভাটা গড়ে উঠেছে। অথচ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি ও কৃষিজমিতে ইটভাটা করা যাবে না। এ ছাড়া কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে না। তা ছাড়া ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করা যাবে না।

গাজীপুর অঞ্চলের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া সুলতানা বলেন, নিয়মনীতি না মেনে যেসব ইটভাটা গড়ে উঠেছে, সেগুলোর বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত রয়েছে। তবে অনেক মালিক তাঁদের ইটভাটার জন্য উচ্চ আদালতে রিট করে রেখেছেন। ফলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তিনি বলেন, সারা দেশে পরিবেশ অধিদপ্তরের একজনমাত্র ম্যাজিস্ট্রেট রয়েছেন। এ কারণেও তাঁরা চাইলেই অভিযান চালাতে পারেন না। তারপরও অভিযান চালিয়ে কয়েকটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।