গাজীপুরে শিক্ষার্থীদের তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এমইএইচ আরিফ কলেজের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, দুপুর একটার দিকে ওই কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিয়ে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ জানায়। এ সময় ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শিক্ষার্থীরা কলেজের বেঞ্চ মহাসড়কে ফেলে অবরোধ তৈরি করে। পরে দীর্ঘ সময় তাদের সঙ্গে আলোচনার পর বিকেল সোয়া চারটার দিকে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়া হয়।

ওই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারজানা আক্তার অভিযোগ করে, ‘ফরম পূরণের জন্য দুই হাজার টাকা করে নেওয়ার নিয়ম থাকলেও আমাদের কাছ থেকে ১২ হাজার টাকা নেওয়া হচ্ছে। আমরা আগামী ২০১৬ সালের জুন মাস পর্যন্ত বেতন পরিশোধ করেছি। এরপরও আমাদের কাছ থেকে আট হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে।’

দ্বিতীয় বর্ষের ছাত্র মোশাররফ হোসেনের অভিযোগ: ‘ফরম পূরণের জন্য আমাদের আশপাশের কলেজগুলোতে দুই-তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছে; অথচ আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১২ হাজার টাকা। রেজিস্ট্রেশন বাবদ দুই হাজার টাকা এবং উন্নয়ন ফি বাবদ দুই হাজার ৪০ টাকা নিচ্ছে।’

এ ব্যাপারে কথা বলতে কলেজটির অধ্যক্ষ মো. এমারত হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।