গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নতুন করে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গতকাল রোববার গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
কোনাবাড়ী এমইএইচ আরিফ কলেজের একাদশ শ্রেণির এক ছাত্র জানায়, গত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতি বিষয়ে ছয়টি করে সৃজনশীল প্রশ্ন ছিল। সময় বরাদ্দ ছিল ২ ঘণ্টা ১০ মিনিট। কিন্তু নতুন করে ছয়টির স্থলে সাতটি প্রশ্ন করার নিয়ম চালু করা হয়েছে। আর ১০ মিনিট বাড়িয়ে মোট সময় বরাদ্দ করা হয়েছে ২ ঘণ্টা ২০ মিনিট।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, গাজীপুরের মহানগর কলেজ, এমইএইচ আরিফ কলেজ, কমার্স কলেজ, সিটি কলেজসহ পাঁচ-ছয়টি কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর চৌরাস্তায় মহাসড়কে অবস্থান নিতে শুরু করে। একপর্যায়ে শিক্ষার্থীরা গাড়িতে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। পরে সেখানে দায়িত্ব পালনরত কমিউনিটি পুলিশের এক সদস্য এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন। এর জেরে শিক্ষার্থীরা আবার ওই মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর শুরু করে।