গাজীপুরে শিশু-কিশোর মিলনমেলা ভাঙছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানবসেবায় স্কাউটিং’ স্লোগান নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের শালবনে বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ কেন্দ্রে ১৩তম আঞ্চলিক স্কাউট সমাবেশ আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। আজ ভাঙছে শিশু-কিশোরদের ছয় দিনব্যাপী এই মিলনমেলা।স্কাউট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে মূল মঞ্চে জেলাভিত্তিক কৃষ্টি ও সংস্কৃতিবিষয়ক প্রদর্শনী (ডিসপ্লে) করা হয়। এতে প্রতিটি জেলা থেকে আসা স্কাউটরা অংশ নেয়। তারা নিজ জেলার ঐতিহ্যবাহী নৃত্য, গীতি-আলেখ্য ইত্যাদি উপস্থাপন করে। এ ছাড়া, সকালে উডব্যাজ রি-ইউনিয়ন হয়। এতে ঢাকা অঞ্চলের সব উডব্যাজের পুনর্মিলনী হয়।কৃষ্টি ও সাংস্কৃতিক পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের কমিশনার এ কে এম মোস্তফা কামাল। বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (বিধি) এ কে এম ইসতিয়াক হোসাইন ও জেলা প্রশাসক নুরুল ইসলাম। উডব্যাজ রি-ইউনিয়নে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ) মো. মিজানুর রহমান, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) আবু তালেব খান।কিশোরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ফাহমিদা বলে, ‘এই সমাবেশে এসে খুবই মজা করেছি। বাড়িতে আগে কাজ করতাম না। এখানে এসে নিজের কাজ নিজে করছি। ভালো লাগছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনেক বন্ধুর সাক্ষাৎ পেয়েছি।’গোপালদি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জুমা সরকার বলে, ‘এখানে এসে যা করছি, যা দেখছি; এর সবই শিক্ষামূলক। তা আমাদের পরবর্তী জীবনে কাজে লাগবে।’লাল-সবুজ মুক্ত স্কাউট দলের নেতা আ. আজিজ বলেন, ‘আমাদের তাঁবুর সামনে গেজেট তৈরি করেছি। কর্মকর্তারা এগুলো দেখে আমাদের নম্বর ও ব্যাজ উপহার দেবেন। কেউ স্মৃতিসৌধ, কেউ পতাকা বা ছোট ছোট নদী তৈরি করেছে।’শিক্ষক ও স্কাউট লিডার মো. আবদুস সোবাহান বলেন, লেখাপড়ার পাশাপাশি জীবনে এগিয়ে চলার জন্য স্কাউটিং খুবই গুরুত্বপূর্ণ।বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) ও সমাবেশের যুগ্ম প্রধান মো. শামীমূল হক বলেন, দিনের অন্যান্য কর্মসূচি ছাড়াও গতকাল তুরাগ ও শীতলক্ষ্যা উপশিবিরের প্রায় এক হাজার ২০০ স্কাউট নন্দন পার্কে ভ্রমণে যায়। আজ সন্ধ্যায় মহাতাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হবে শিশু-কিশোরদের এই মিলনমেলা। কাল শুক্রবার সকাল থেকে সবাই মৌচাক ত্যাগ করবে।