গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে মাহবুব আলম নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ছায়াবীথি এলাকার নিজ বাসা থেকে গতকাল মঙ্গলবার রাতে মাহবুব আলমকে গ্রেপ্তার করা হয়। ১০ বছর বয়সী ওই শিশুটি তাঁর বাসায় গৃহকর্মীর কাজ করত। পুলিশ সূত্র জানায়, জেলা জজ কোর্টের আইনজীবী মাহবুবের বাসায় কয়েক মাস ধরে ওই শিশুটি গৃহকর্মীর কাজ করে। মাহবুবের স্ত্রী চাকরিসূত্রে টাঙ্গাইলে থাকেন। তাঁর তিন ছেলেও অন্যত্র থাকেন। সুযোগ পেয়ে গৃহকর্মী ওই শিশুটির ওপর প্রায়ই যৌন নিপীড়ন করতেন মাহবুব। গত সোমবার তিনি জোরপূর্বক শিশুটির ওপর পাশবিক নির্যাতন করে কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখান। একই দিন তিনি আবার শিশুটিকে নির্যাতনের চেষ্টা করলে সে বিষয়টি আত্মীয়স্বজনদের জানিয়ে দেয়। পরে ঘটনা পুলিশকে জানানো হলে গতকাল রাত সাড়ে ১০টার দিকে মাহবুবকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।