গাজীপুরে শিশু, নারায়ণগঞ্জে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল শুক্রবার কাভার্ড ভ্যান চাপায় রুবেল মিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত বৃহস্পতিবার ট্রাকের চাপায় সানাউল্লাহ (২৬) নামে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।
রুবেল সিলেটের দুয়ারাবাজারের আছিরনগর এলাকার কবিরখালী গ্রামের এনামুল হকের ছেলে। সানাউল্লাহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ছনকান্দা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হচ্ছিল রুবেল। এ সময় দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ ও চালক সাখাওয়াত হোসেনকে আটক করা হয়েছে। সাখাওয়াতের বাড়ি নোয়াখালীর শ্যামবাগে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে ব্যবসায়ী সানাউল্লাহ রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় একটি ট্রাক তাঁকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই তাঁর লাশ উদ্ধার করে। গতকাল নিহত ব্যক্তির আত্মীয়স্বজন জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিয়ে তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়া নিয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, সানাউল্লাহ প্রসাধনীর ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনার সময় রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা সানাউল্লাহর ৯৮ হাজার ৫৮০ টাকা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও ট্রাকের চালক জয়নালকে আটক করা করেছে।