গাজীপুরে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডোমনা এলাকায় গতকাল শনিবার সকালে পুলিশ এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। শিশুটির নাম সিফাত হোসেন (৬)। সে কারখানার শ্রমিক মোবারক হোসেনের ছেলে।নিহত শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডোমনার বাসিন্দা কারখানার শ্রমিক মোবারকের ছেলে সিফাত গতকাল সকাল ছয়টার দিকে তাঁর বাবার মুঠোফোনটি নিয়ে বাড়ির বাইরে খেলতে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। বেলা সাড়ে ১১টার দিকে বিকেএসপির পাশের একটি ফ্যান তৈরি কারখানার সীমানাপ্রাচীর ঘেঁষে রাখা একটি বস্তা দেখে ওই কারখানার নিরাপত্তাকর্মীর সন্দেহ হয়। তিনি বস্তাটি খুলে লাশ দেখতে পান। খবর পেয়ে সিফাতের পরিবার ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে। লাশের মাথায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে চক্রবর্তী ফাঁড়ির পুলিশ এসে সিফাতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। সিফাতের বাবার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার উত্তর পেন্নই গ্রামে।সিফাতের বাবা মোবারক হোসেন জানান, তিনি ধারণা করছেন, তাঁর ছেলের কাছে থাকা মুঠোফোনটি এমন কেউ ছিনিয়ে নিয়েছে, যাকে সে চেনে। আর এ কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, সিফাতের পরিবারের দেওয়া তথ্যমতে ধারণা করা হচ্ছে, মুঠোফোনের জন্যই তাঁকে হত্যা করা হয়েছে। গতকাল রাত আটটার দিকে এ প্রতিবেদন লেখার সময় মামলার প্রস্তুতি চলছিল।