গাজীপুরে শিশুর লাশ উদ্ধার
গাজীপুর সদরের সালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গতকাল বুধবার ফারজানা আক্তার (৫) নামের এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফারজানা বিশ্ববিদ্যালয় এলাকার সালনা রেডিয়াম কিন্ডারগার্টেনের প্লে শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে ফারজানার বাবা ইলিয়াস খান ও মা আবেদা খান কাজে চলে যান। দুপুরে ফারজানা বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যায় বাবা-মা বাড়ি ফিরে স্বজন ও সহপাঠীদের কাছে খোঁজ করেও ফারজানাকে পাননি। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের পশ্চিমের সীমানাপ্রাচীরের ভেতর এক শিশুর লাশ পড়ে থাকার খবর পেয়ে বাবা ইলিয়াস খান সেখানে গিয়ে তাঁর মেয়ের লাশ শনাক্ত করেন। শিশু ফারজানার মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, ইলিয়াস খান মামলা করেছেন।