গাজীপুরে শিশুহত্যার ঘটনায় বিক্ষোভ
গাজীপুরে শিশু শিক্ষার্থী ফাতেমা আক্তারকে হত্যার প্রতিবাদে গতকাল শনিবার সিটি করপোরেশনের ভবানীপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এ সময় হত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়।
বিক্ষোভ ও মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকাবাসী, নিহত শিশুর স্বজনেরা অংশ নেন। এদিকে ফাতেমাকে হত্যার ঘটনায় গতকাল তার বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে থানার পুলিশ জানায়, মামলায় প্রতিবেশী ও মজিবুরের চাচাতো ভাই মফিজ দেওয়ান, তাঁর স্ত্রী আছিয়া আক্তার, মফিজের ছোট ভাই শহিদ মিয়া, তাঁর স্ত্রী মমতাজ ও তাঁদের দুই ছেলে মো. পলাশ ও মোশাররফ হোসেনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতেই শহিদ ছাড়া পাঁচজনকে আটক করে পুলিশ। গতকাল তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিহত ফাতেমা আক্তার (৮) ভবানীপুর এলাকার মজিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় হাতীমারা উইনার পাবলিক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে খেলতে যায় ফাতেমা। পরে সে আর বাড়ি ফেরেনি। রাতেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে প্রতিবেশীর বাড়ির পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে ফাতেমার লাশ উদ্ধার করা হয়।
মজিবুর রহমান বলেন, জমি নিয়ে ওই লোকদের সঙ্গে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে তারা ফাতেমাকে হত্যা করেছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল লতিফ বলেন, ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মামলার তদন্তকাজ চলছে।