গাজীপুরে শুরু হয়েছে পিবিআইয়ের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ জন পুলিশ সদস্য নিয়ে গাজীপুরে শুরু হয়েছে বাংলাদেশ পুলিশের স্বতন্ত্র বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যক্রম। ২৪ জুন থেকে এ কার্যক্রম শুরু হয়।
গতকাল রোববার গাজীপুরে কর্মরত বিচারকগণ ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে পিবিআইয়ের এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। বিকেলে গাজীপুর জজ কোর্টের সভাকক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক।
সভায় পিবিআইয়ের জেলা প্রধান অতিরিক্ত পুলিশ সুপার এ আর এম আলিফ সংস্থার সার্বিক কর্মকাণ্ড নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে জানানো হয়, মূলত ১০ ধরনের অপরাধের মামলার তদন্তকাজ সম্পন্ন করবে পিবিআই। এর মধ্যে রয়েছে খুন, ডাকাতি, ধর্ষণ, অস্ত্র মামলা, বিস্ফোরকদ্রব্য মামলা, সাইবার ক্রাইম, মানব পাচার, চোরাচালান ও কালোবাজারি, অপহরণ ও মুক্তিপণ এবং মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ।
আরও জানানো হয়, প্রাথমিক পর্যায়ে আদালত থেকে পাঠানো মামলা এবং বাদীর নারাজি-সংক্রান্ত মামলাগুলো তদন্ত করা হবে। সংস্থাটি কীভাবে কাজ করবে তার বিস্তারিত বিষয় নিয়ে বিধিমালা হচ্ছে, বর্তমানে তা আইন মন্ত্রণালয়ে রয়েছে। এটি চূড়ান্ত হলে সংস্থাটির কাজের পরিধি ও গুরুত্ব আরও বাড়বে।
জেলা ও দায়রা জজ এনামুল হক সভায় বলেন, আইনের মধ্য থেকে পিবিআইকে সব ধরনের সহযোগিতা করা হবে।
পিবিআই কর্মকর্তারা জানান, বিধিমালা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদিত হলে তাঁরা সার্বিকভাবে কার্যক্রম শুরু করবেন। এখন শুধু আদালত থেকে পাঠানো মামলাগুলো তদন্ত করছেন। দ্রুততম সময়ে এই তদন্তকাজ সম্পন্ন করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন, যুগ্ম দায়রা জজ মোহম্মদ আলী আহসান ও পিবিআইয়ের ঢাকা বিভাগীয় বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক খোন্দকার শওকত আলম জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর কৌশল ব্যবহার করে পিবিআই শিডিউলভুক্ত মামলা তদন্তের মাধ্যমে অপরাধ নির্মূল করতে ২০১২ সাল থেকে যাত্রা শুরু করলেও ২০১৫ সালে এটি গেজেটভুক্ত হয়।
গাজীপুর সিটি করপোরেশনের বিলাশপুরে পিবিআইয়ের জেলা কার্যালয় স্থাপন করা হয়েছে। জেলার পাঁচটি থানার জন্য একজন করে পরিদর্শক ছাড়াও একাধিক এসআই তদন্তকাজ দেখভালের দায়িত্ব পালন করবেন।