গাজীপুরে শেষ হলো তিন দিনের লালন সঞ্চরণোৎসব
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মানবজাতির জয় কামনার মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুরে গত শনিবার বিকেলে শেষ হয়েছে তিন দিনব্যাপী লালন সঞ্চরণোৎসব। এ উৎসবে সংগীত পরিবেশন করেন উপমহাদেশের খ্যাতিমান বাউলশিল্পী পূর্ণদাস বাউল এবং বাংলাদেশের ফরিদা পারভীন।‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালন সাঁইয়ের গানের এ বাণী সামনে রেখে গত বৃহস্পতিবার থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছিয়ায় সাধুর বাজারে এ লালন সঞ্চরণোৎসব ও মেলা শুরু হয়। উৎসবে বাউল ও লালনসংগীত গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন পূর্ণদাস বাউল, তাঁর ছেলে দিব্যেন্দু বাউল ও বাংলাদেশের ফরিদা পারভীন। শ্রীপুর উপজেলার চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, লালন মেলা সর্বাত্মক সার্থক করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। উৎসবের আয়োজক ফকির আবদুল খালেক সাঁই জানান, লালনের শাশ্বত অহিংস বাণী সবার মাঝে পৌঁছে দিতেই এ সঞ্চরণোৎসব ও মেলার আয়োজন করা হয়েছে।