গাজীপুরে শ্বাসকষ্টে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে ওই নারীর মৃত্যু হয়। তবে তাঁর জ্বর বা সর্দি–কাশি ছিল না।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ওই নারীর জ্বর বা সর্দি–কাশি ছিল না। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কয়েক বছর ধরেই ওই নারী কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, 'আগে থেকেই ওই নারীর শ্বাসকষ্ট ছিল। আমাদের কাছে মনে হচ্ছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি। তাই আজ তাঁর দাফন সাধারণভাবেই সম্পন্ন হবে। তবে ওই নারীর স্বামীসহ পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।'