গাজীপুর-টঙ্গীতে শতাধিক পোশাক কারখানায় ছুটি

সমাবেশে যোগ দিতে ইচ্ছুক পোশাকশ্রমিকেরা ছুটি না পেয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, চন্দ্রা পল্লী বিদ্যুত্ ও মৌচাক এলাকায় বিক্ষোভ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।
এদিকে টঙ্গীতেও শ্রমিক অসন্তোষের আশঙ্কায় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, আজ ঢাকায় শ্রমিক সমাবেশে যেতে আগ্রহী শ্রমিকদের ছুটি না দেওয়ায় ও ন্যূনতম বেতন বৃদ্ধি না করায় সকালে তাঁরা কাজে যোগ দিয়েই কর্মবিরতি শুরু করেন। সকাল সাড়ে আটটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, নায়াগ্রা টেক্সটাইল; চন্দ্রা পল্লী বিদ্যুত্ এলাকার আইমন টেক্সটাইল অ্যান্ড হুসায়ারী লিমিটেড ও ইকুটেক্স লিমিটেড এবং মৌচাক এলাকার হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাইরে অবস্থান নেন। পরে উত্তেজিত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, চন্দ্রা পল্লী বিদ্যুত্ ও মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাঁরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। অন্যান্য কারখানার শ্রমিকদের বের হতে না দেওয়ায় ওই সব কারখানায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভরত শ্রমিকেরা। এ ঘটনায় কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেছে। কারখানা শ্রমিকেরা সফিপুর এলাকায় শাহজালাল ইসলামী ব্যাংক ও সিঙ্গারের শো রুমে ভাঙচুর করেছেন।
সকাল সাড়ে আটটা থেকে পৌনে ১১টা পর্যন্ত তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কিছু এলাকায় কারখানা ছুটি থাকলেও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের ছুটি না দেওয়ায় তাঁরা আন্দোলন করেন। তাঁদের বুঝিয়ে পরে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে গাজীপুরের মতো টঙ্গীর শতাধিক কারখানায়ও আজ ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
টঙ্গীর এলিগেন সোয়টার কারখানার মহাব্যবস্থাপক মো. জামির খান প্রথম আলো ডটকমকে বলেন, আট হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকেরা ঢাকায় শ্রমিক সমাবেশে যাওয়ার দাবি জানায়। তাই আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।