গাজীপুরে শ্রমিক নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ডিউ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারখানার কর্মকর্তাদের মারধরের মামলায় গত রোববার রাতে জেলার বড়বাড়ি এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া শ্রমিকনেতার নাম তানিয়া খাতুন (২৬)। তিনি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নামের একটি সংগঠনের নেত্রী।
গাজীপুরের শরিফপুর এলাকায় অবস্থিত ডিউ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা ২২ ফেব্রুয়ারি সকালে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। দুপুরে কারখানার প্রশাসনিক কর্মকর্তা (অ্যাডমিন) মো. রবিউল আলম, পরিচালক একরামুল হকসহ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভরত শ্রমিকদের কাজে যোগ দিতে বলেন। একপর্যায়ে কারখানার শ্রমিক তানিয়া খাতুন, কুলসুম আক্তার, রীনা আক্তার, লিপি আক্তার, জেসমিন, স্বপন মিয়াসহ কয়েকজন চড়াও হয়ে তাঁদের কিলঘুষি মারেন। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করা হয়।
এদিকে শ্রমিকনেতা তানিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।