গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নসহ অন্যান্য দাবিতে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর নয়াপাড়া এলাকায় গতকাল সোমবার শ্রমিক বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন শ্রমিক আহত হন। বিক্ষুব্ধ শ্রমিকেরা শিল্প পুলিশের একটি পিকআপ জ্বালিয়ে দিয়েছেন। এ ঘটনায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার কাশিমপুর নয়াপাড়া এলাকার আলিম সোয়েটার কারখানার শ্রমিকেরা মজুরিকাঠামো বাস্তবায়নের দাবিতে বেলা তিনটার দিকে বিক্ষোভ শুরু করেন। তাঁরা পার্শ্ববর্তী মণ্ডল গ্রুপের মুনটেক্স কারখানার শ্রমিকদের বিক্ষোভে যোগ দিতে বলেন। এতে সাড়া না দেওয়ায় উত্তেজিত শ্রমিকেরা মণ্ডল গ্রুপের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা পাশে থাকা গাজীপুর শিল্প পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ লাঠিপেটা, শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও গাড়ির আগুন নেভায়। প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩৫ জন শ্রমিক আহত হন।
চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, এ ঘটনার পর কর্তৃপক্ষ মুনটেক্স ও আলীম নিটওয়্যারসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানায় গতকালের জন্য ছুটি ঘোষণা করে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সামসুর রহমান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।