গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশ ও শ্রমিক মিলিয়ে কমপক্ষে ২৫ জন আহত হন। বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করেন।শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরা এলাকার স্যাটার্ন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা গত মঙ্গলবার বিকেলে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানান। পরে কর্তৃপক্ষ বেতন বৃদ্ধির আশ্বাস দিলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান। গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কাজে এসে দেখতে পান, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় শ্রমিকেরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। সকাল ১০টার দিকে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের লাঠিপেটা শুরু করে। শ্রমিকেরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া করেন। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।সংঘর্ষের সময় কয়েকজন পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হন। আহত শ্রমিকদের মধ্যে অহিদুল ইসলাম, সৌরভ, নূরুজ্জামান, আবুল কাশেম, সাইদুল ইসলামসহ কয়েকজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।সড়ক অবরোধের ফলে ঘটনাস্থলের উভয় দিকে প্রায় ছয়-সাত কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যাওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, কারখানায় প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করেন। কর্তৃপক্ষ দুই বছর ধরে তাঁদের বেতন-ভাতা বৃদ্ধি করছে না।এ ব্যাপারে কথা বলতে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) শিশার্দির মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।গাজীপুর শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।