গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৪৫
অক্টোবর মাসের বকেয়া বেতন ও সোয়েটারের উৎপাদনমূল্য (পিস রেট) বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলায় কয়েকটি সোয়েটার কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার বিক্ষোভ ও ভাঙচুর করেন। শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করে রাখেন। এ সময় পুলিশ-শ্রমিক সংঘর্ষে কমপক্ষে ৪৫ শ্রমিক আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনাবাড়ী এলাকার সোয়েটার কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার নাওজোড় এলাকার ডটকল সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকদের বকেয়া বেতন গত বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন রাত ১১টা পর্যন্ত অপেক্ষায় রেখেও তাঁদের বেতন না দেওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করেন। পরে পুলিশ এসে ধাওয়া করলে শ্রমিকেরা চলে যান। গতকাল সকালে শ্রমিকেরা কাজে এসে দেখেন কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলছে। নোটিশ দেখে শ্রমিকেরা সকাল সাড়ে আটটার দিকে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন এবং গাড়িতে ইটপাটকেল ছুড়তে থাকেন। মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের লাঠিপেটা ও রাবার বুলেট ছুড়লে কমপক্ষে ২০ শ্রমিক আহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, বেতন চাইতে গেলেই মালিকেরা নানা টালবাহানা করেন। সময়মতো বেতন না পাওয়া বাসাভাড়া ও দোকানের বাকি দিতে পারছেন না শ্রমিকেরা।
কারখানার উৎপাদন ব্যবস্থাপক এমদাদ হোসেন জানান, বেতন আসতে দেরি হওয়ায় বৃহস্পতিবার রাতে শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালান। এ কারণে শুক্রবার কারখানার গেটে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, মহাসড়ক থেকে পুলিশ শ্রমিকদের সরাতে গেলে সংঘর্ষ বেধে যায়। পরে তাঁদের লাঠিপেটা, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করা হয়। এদিকে সোয়েটারের উৎপাদনমূল্য বাড়ানোর দাবিতে কোনাবাড়ী এলাকার গিভেন্সি গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, তিতাসসহ বেশ কিছু সোয়েটার কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে আটটার দিকে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে গতকাল ওই সব কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিক ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের লাঠিপেটা, রাবার বুলেট আঘাতে কমপক্ষে ২৫ শ্রমিক আহত হন। কোনাবাড়ী মহাসড়ক পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রমিকদের বিরুদ্ধে চার মামলা: সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, উপজেলার কাঁচপুরের ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপ কর্তৃপক্ষ গত সোমবার ও বুধবারের শ্রমিক অসন্তোষের ঘটনায় গত শুক্রবার শ্রমিকদের বিরুদ্ধে চারটি মামলা করেছে। পুলিশ জানায়, ওই দুই দিন চাকরিচ্যুত শ্রমিকেরা অন্য শ্রমিকদের সঙ্গে নিয়ে ওই গ্রুপের বিভিন্ন কারখানার ভবনে ভাঙচুর ও ক্ষতি সাধন করার অভিযোগে ওই মামলা করা হয়েছে। কারখানার ফিনিশিং ইনচার্জ আবদুর রহিম ২০ জনের নামে, প্রশাসনিক ইনচার্জ আবু বক্কর ১৮ জনের নামে, প্রোডাকশন ব্যবস্থাপক মোশারফ হোসেন সাতজনের নামে ও সহকারী উৎপাদন ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ১৪ জনের নামে ওই মামলা করেছেন। সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনার কাউকে গ্রেপ্তার করা হয়নি।