গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর
গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় গতকাল রোববার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় কারখানার দোতলা থেকে লাফিয়ে পড়ে একজন কোরিয়ান কর্মকর্তা আহত হয়েছেন।শ্রমিকেরা জানান, সাংকুয়াং অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটি ১২ বছর ধরে সালনা এলাকার একটি ভাড়া ভবনে চলছিল। গত ঈদের ছুটিতে কর্তৃপক্ষ শ্রমিকদের না জানিয়ে কারখানার যন্ত্রপাতি গাজীপুর সদর উপজেলার বাসন এলাকায় নিজস্ব ভবনে স্থানান্তর শুরু করে। ঈদের ছুটির পর শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে দেখতে পান কারখানায় কোনো যন্ত্রপাতি নেই এবং তাঁদের কাজ নেই। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে কর্তৃপক্ষ শ্রমিকদের জানায়, শিগগিরই বাসনের কারখানায় কাজ শুরু হবে। তবে কারখানা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত শ্রমিকদের শুধু মূল বেতন দেওয়া হবে। কিন্তু গতকাল রোববার সকালে কারখানার কর্মকর্তা আনোয়ার হোসেন শ্রমিকদের জানান, যাঁরা বেতনভুক্ত শ্রমিক, শুধু তাঁদের মূল বেতন দেওয়া হবে। আর যাঁরা উৎপাদনের ওপর ভাতা পান, তাঁদের কোনো বেতন-ভাতা দেওয়া হবে না। এ কথা শুনে শ্রমিকেরা শ্রম আইন অনুযায়ী সুবিধার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা ইটপাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙচুর শুরু করেন। এ সময় আতঙ্কে কারখানার কোরিয়ান কর্মকর্তা জাং দোতলার একটি জানানার গ্রিল খুলে লাফ দিয়ে মাটিতে পড়ে আহত হন। সূত্র জানায়, গাজীপুর শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাংকে উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পাঠায়। ওই কর্মকর্তা আশঙ্কামুক্ত।