গাজীপুরে শ্রমিক লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া
গাজীপুরের শ্রীপুরে শ্রমিক লীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার জৈনা বাজার টেম্পোস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জৈনা বাজার টেম্পোস্ট্যান্ডটি শ্রমিক লীগের কর্মী সোলাইমান, রিপন, শওকত ও তাঁদের ২৫-২৬ জন সহযোগী দখলের চেষ্টা করেন। শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শামসুল হক ও সদস্য রফিকুল ইসলাম এতে বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে দুজনই আহত হন। শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মহসিনুল কাদির জানান, ধাওয়া-পাল্টাধাওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।