গাজীপুরে শ্রমিকদের অবরোধ, পোশাক কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের বোর্ডবাজার কলমেশ্বর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক গতকাল শনিবার ‘উৎপাদন মজুরি’ (পিস রেট) বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।আন্দোলনকারী শ্রমিকেরা জানান, গত বৃহস্পতিবার সাউদার্ন ক্লথিংস লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকদের মে মাসের বেতন দেওয়া হয়। এতে তাঁদের প্রতিটি সোয়েটার উৎপাদনের মজুরির হার কম দেওয়া হয়। এ নিয়ে বৃহস্পতিবার শ্রমিকেরা আপত্তি করলেও কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। বরং কারখানার ব্যবস্থাপক মো. বাকীউজ্জামান ৮৫ জন শ্রমিকের নাম উল্লেখ করে গত শুক্রবার জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল সকাল আটটার দিকে ১২ শতাধিক শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানাসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের মধ্যস্থতায় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলে। সকাল নয়টার পর মহাসড়ক থেকে শ্রমিকদের হটিয়ে দেয় পুলিশ। কিন্তু সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যানজট লেগে থাকে।কারখানার ব্যবস্থাপক মো. বাকীউজ্জামান বলেন, প্রতি মাসেই শ্রমিকেরা নিত্যনতুন ইস্যু নিয়ে বিশৃঙ্খলা তৈরি করেন। তিনি দাবি করেন, অন্যান্য কারখানার চেয়ে এখানে পিস রেট বেশি দেওয়া হয়। শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় শ্রম আইনের ১২ ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।