গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর, সড়ক অবরোধ
উৎপাদন মজুরি কম দেওয়ার অভিযোগে গাজীপুর সদরের হোতাপাড়ায় গিভেন্সি গ্রুপের জাহিন টেক্স ও গিভেন্সি গার্মেন্টস নামে দুটি তৈরি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক গতকাল মঙ্গলবার সকালে বিক্ষোভ ও ভাঙচুর করেন। ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এ ঘটনায় কর্তৃপক্ষ জাহিন টেক্সের দুটি ইউনিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উৎপাদন মজুরি কম দেওয়া হয়েছে—এমন অভিযোগে গতকাল সকাল সাড়ে আটটার দিকে জাহিন টেক্সের সাততলা ভবনের ছয়তলার নিটিং সেকশনের শ্রমিকেরা কাজ বন্ধ করে নিচে নেমে আসেন। পরে তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করাসহ বিভিন্ন অভিযোগ তোলেন। এ সময় তাঁদের সঙ্গে অন্য সেকশনের শ্রমিকেরাও যোগ দেন। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার প্রশাসনিক ভবনের কয়েকটি কক্ষের আসবাবপত্র ও কাগজপত্র তছনছ করেন। তাঁরা প্রধান ফটকের কাছে নিরাপত্তাকর্মীদের জন্য নির্মিত ভবনের চারটি কক্ষের জানালার কাচ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন। সকাল নয়টার দিকে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে এক কিলোমিটার দূরে হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গিভেন্সি গার্মেন্টসের সামনে জড়ো হন। তাঁরা ওই কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় গিভেন্সি গার্মেন্টস থেকেও অনেক শ্রমিক রাস্তায় নেমে এসে বিক্ষোভে যোগ দেন। ক্ষুব্ধ শ্রমিকেরা এই কারখানা লক্ষ্য করে ইট-পাথর ছোড়েন। সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা হোতাপাড়ায় ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তাঁরা মালিক পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে সংকটের সমাধান করার আশ্বাস দিলে সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। বিক্ষোভকালে শ্রমিকেরা কারখানার দুই সহকারী উৎপাদন কর্মকর্তা শওকত হোসেন (৩০) ও তারিকুল ইসলামকে (৩২) মারধর করেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষোভকারীদের ছোড়া এলোপাতাড়ি ইটের আঘাতে শরিফুল (২৫), হাসান (২৯), মোশারফ (২৬), আ. কাদের (৩০), ফারুক (৩২), নাজিম (২৮), ইমাম হোসেন (২৬), মকবুল (১৯), ইকবালসহ (২২) কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।গিভেন্সি গ্রুপের মহাব্যবস্থাপক এ কে এম শফিউল আলম জানান, তাঁদের কারখানাগুলোতে নীতিমালা অনুযায়ী সময়মতো শ্রমিকদের ভেতন-ভাতা পরিশোধ করা হয়। শ্রমিকেরা কী কারণে ভাঙচুর করলেন তিনি বুঝতে পারছেন না।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, ওই ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি।