গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ সড়ক অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজার এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার সকালে বিক্ষোভ করেন। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন ভাঙচুর করে অবরোধ সৃষ্টি করেন। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও লাঠিপেটায় দুই সাংবাদিক ও কমপক্ষে ১৫ শ্রমিক আহত হন।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, বোর্ড বাজারে ইউনিগিয়ার্স নামের পোশাক কারখানার শ্রমিকেরা টিফিন ভাতা ও হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গত শনিবার দুপুরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। একই কারখানার শ্রমিকেরা গতকাল সকাল পৌনে আটটার দিকে কারখানায় বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে ইটপাটকেল ছুড়ে ১০-১২টি যানবাহনের কাচ ভাঙচুর করেন।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের বেদম লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ওই ঘটনার চিত্র ধারণ করতে গেলে পুলিশ গালাগাল করে জিটিভির গাজীপুর প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আবুল হাসানকে পিটিয়ে জখম করে। পুলিশের লাঠিপেটায় আহত হন কমপক্ষে ১৫ জন শ্রমিক। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গতকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রচণ্ড গরমে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

শ্রমিকদের বিক্ষোভের ব্যাপারে ইউনিগিয়ার্স কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. সেলিম খান জানান, হাজিরা বোনাস ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা এবং মাসে ৪০০ টাকা করে দুপুরের খাবারের ভাতা চালুর দাবিতে শনিবার দুপুর আড়াইটার দিকে ওই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন। পরে কর্তৃপক্ষ বিষয়টি আলোচনার আশ্বাস দিয়ে ওই দিন বিকেল চারটার দিকে কারখানায় ছুটি ঘোষণা করে। বিষয়টি সুরাহা না হওয়ায় শ্রমিকেরা গতকাল আবারও আন্দোলনে নামেন।