গাজীপুরে শ্রমিকদের ভাঙচুর অবরোধ, পুলিশসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন ও ঈদ বোনাসের দাবি এবং বাস বন্ধের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার মণিপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় গতকাল বুধবার বিকেলে শ্রমিকেরা বিক্ষোভ ও ব্যাপক ভাঙচুর করেছেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হন।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় এ্যালিগেঞ্জ গ্রুপের ক্যাসিও পিয়া এ্যাপারেলস নামের একটি কারখানার শ্রমিকেরা চলতি মাসের বেতন ও ঈদুল আজহার বোনাস ৩০ অক্টোবরের মধ্যে পরিশোধ এবং বাস চালু রাখার দাবি কয়েক দিন ধরে কর্তৃপক্ষকে জানিয়ে এলেও কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দেয়নি। অবশেষে ওই কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিক গতকাল দুপুরের পর কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার প্রধান কার্যালয়ের কাচ, চেয়ার-টেবিল ও গাড়ি ভাঙচুর করেন। বেলা আড়াইটার দিকে শ্রমিকেরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময়ে শ্রমিকেরা দু-তিনটি যানবাহন ভাঙচুর করেন। এতে ওই সড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গের চেষ্টা করে। এতে শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে উঠলে উভয়ের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে প্রায় এক ঘণ্টা পর বেলা সাড়ে তিনটার দিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। পুলিশের লাঠিপেটা ও শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে পুলিশের সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে পুলিশের কনস্টেবল মো. আসাদ, বরুণ রায়, মো. মিজান, রুহুল আমিন ও মো. সৈয়দুলকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।কারখানার নির্বাহী পরিচালক হাফিজুর রহমান জানান, শ্রমিকদের ঈদের বোনাস ২৭ অক্টোবর এবং চলতি মাসের বেতন আগামী মাসের ৪ তারিখে পরিশোধ করা হবে। বাস তিন মাসের জন্য বিশেষ কারণে বন্ধ রাখা হবে। যে মাসগুলোতে বাস বন্ধ থাকবে, সেই কয় মাসে বাসে চলাচলকারী শ্রমিকেরা প্রতি মাসে বেতনের অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন। এসব ঘোষণা আগে থেকে দেওয়া থাকলেও অল্পসংখ্যক শ্রমিক অন্য শ্রমিকদের উসকানি দিয়ে ভাঙচুরসহ অপ্রীতিকর ঘটনা ঘটান।গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (অপারেশন) দেওয়ান লালন আহাম্মেদ জানান, শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে শটগানের ৩৫টি ও কাঁদানের গ্যাসের ১১টি শেল নিক্ষেপ করা হয়। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।