গাজীপুর সদর উপজেলার বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে গতকাল সোমবার রাতে দুই দফা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এলাকাবাসী, পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত রোববার সকালে কারখানায় যাওয়ার পথে বাসচাপায় তিন শ্রমিক নিহত ও চারজন আহত হন। এ ঘটনার পর থেকে শ্রমিকেরা ওই এলাকায় ফুট ওভারব্রিজ ও গতিরোধক নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে পোশাকশ্রমিকেরা গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত বড়বাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু রাত পৌনে সাতটার দিকে আবার তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে ওই এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলে রাত সাড়ে সাতটার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। নাওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে তাঁরা অবরোধ তুলে নেন।