গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২০
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের সালনা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার সালনা এলাকায় কনকর্ড টাওয়ারে অবস্থিত কনকর্ড ফ্যাশন লিমিটেড ও জিকন নামের দুটি পোশাক কারখানা রয়েছে। কারখানা দুটিতে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে বিগত মাসের বেতন পরিশোধ করা হয়। কিন্তু সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পার হলেও আগস্ট মাসের বেতন দেওয়া হয়নি। শ্রমিকেরা বারবার বকেয়া বেতনের দাবি জানালেও কর্তৃপক্ষ টালবাহানা করে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা গতকাল দুপুরের বিরতির পর আর কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। উত্তেজিত শ্রমিকেরা বেলা তিনটার দিকে কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ তখন লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে পুলিশ শটগানের ৩৮টি গুলি ও ২৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম ও কনস্টেবল হাফিজ উদ্দিনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।জানতে চাইলে গাজীপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (অপারেশন শিল্প) দেওয়ান লালন আহাম্মেদ বলেন, ঘটনার সময় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তাদের পেলে পরিস্থিতি অনেক সহজেই নিয়ন্ত্রণ করা যেত।