গাজীপুরে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়কাউ গ্রামে গতকাল শুক্রবার দিবাগত রাতে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।

পুলিশের নিহত সদস্য হলেন আজিজুর রহমান (৪৫)। তিনি ময়মনসিংহের ফুলপুরের বাঁশকান এলাকার মরহুম আবদুুল কুদ্দুসের ছেলে। আহত সদস্যরা হলেন গাজীপুর পুলিশ লাইনের আর্মড ব্যাটালিয়নের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও কনস্টেবল আবু রায়হান।

পুলিশের ভাষ্য, চাঁদাবাজি মামলার আসামি ও নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল কাদেরসহ অন্য আসামিদের গ্রেপ্তার করতে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের ৪০ জনের একটি দল বড়কাউ এলাকায় যায়। তাদের উপস্থিতি টের পেয়ে আবদুল কাদের কৌশলে পালিয়ে যান। একই গ্রামের সাইদুল ইসলাম (৪৫) নামের এক আসামিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় বড়কাউ বাজার এলাকায় ডাকাত পড়েছে বলে আশপাশের একাধিক মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণায় দা, বল্লম, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় গ্রামবাসী। আত্মরক্ষার্থে শটগানের ৫০টি গুলি ছোড়ে পুলিশ। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গাজীপুর পুলিশ লাইনের রিজার্ভ ফোর্সের নায়েক মো. আজিজুর রহমান (৪৫) গুরুতর জখম হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় পুলিশের অন্য দুই সদস্য এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল আবু রায়হান আহত হয়েছেন। আহত অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জে পূর্বাচল উপশহর এলাকার জমি অধিগ্রহণের বিষয় নিয়ে এলাকাবাসীর সঙ্গে রাজউকের বিরোধ চলছে। এ ছাড়া, মাটি ও বালু ভরাট করা নিয়ে স্থানীয় নাগরী ইউপির সাবেক চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদেরের সঙ্গে রাজউকের বিরোধ ছিল। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিভিন্ন সময় রাজউকের প্রকল্পের কাজে বাধা  দেন আবদুল কাদের। গত ৩০ এপ্রিল রাজউক প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এআরকে গ্রুপের পক্ষে প্রকৌশলী মো. নুরুজ্জামান বাদী হয়ে কালীগঞ্জ থানায় আবদুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। গতকাল রাতে পুলিশ ওই মামলার আসামিদের গ্রেপ্তার করতে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ব্যাপারে কথা বলতে আবদুুল কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহরিয়ার আলম।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রথম আলো ডটকমকে জানান, পুলিশের সদস্য নিহত হওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।