গাজীপুরে সংঘর্ষে মেয়র-পুলিশসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জেলা শহরের শিববাড়ি মোড় এলাকায় আজ মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় সিটি মেয়র ও পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী, বিএনপির নেতা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে হরতালের সমর্থনে একটি বিশাল মিছিল বের হয়। মিছিল শেষে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি সভা করে। এখানে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান বক্তব্য দেন। পরে সেখান থেকে পুলিশ প্রহরায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শিববাড়ি রাইডার স্ট্যান্ড এলাকায় পৌঁছলে মিছিলের পেছন থেকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেনসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা শুরু করলে তাদের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশ বেশ কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
লাঠিপেটায় গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, জেলা বিএনপির মহিলা দলনেত্রী দীপা চৌধুরীসহ অন্তত ২৫ জন আহত হন। পুলিশের ছোড়া গুলিতে জেলা শহরের কলাপট্টি এলাকার চা-দোকানি অহিদ (২৭) আহত হন।
তাঁর দাবি, পুলিশের ধাওয়া খেয়ে তাঁর দোকানের সামনে দিয়ে বিএনপির কর্মীরা পালিয়ে যান। এ সময় পুলিশ এসে তাঁর বাঁ হাতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে।
টঙ্গী থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল হক জানান, পুলিশের ধাওয়া খেয়ে মাটিতে পড়ে গিয়ে মেয়র এম এ মান্নান আহত হন। তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও গুলিতে অন্তত ৩০ নেতা-কর্মী-সমর্থক আহত হয়েছেন।
জয়দেবপুর থানার পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, মিছিলকারীরা শিববাড়ি-শিমুলতলী সড়ক অবরোধ করে সমাবেশ ও মিছিল করে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বোমার স্প্লিন্টারের আঘাতে এসআই আনোয়ার হোসেনসহ পাঁচ পুলিশসদস্য আহত হন।