গাজীপুরে সংঘর্ষের ঘটনায় মামলা, ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতিকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৌচাকের নিটল টাটার নিলয় মোটরস কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসা নিয়ে গত সোমবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় মৌচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লোকমান হোসেনের ছোট ভাই জুয়েল মাহ্মুদ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। মামলার আসামি গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানাকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে। পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠায়। আদালত রিমান্ডের শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।