ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে মাওনা পর্যন্ত অংশ ১২ জুলাইয়ের মধ্যে সংস্কার করা না হলে ১৩ জুলাই থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। গতকাল রোববার দুপুরে সমিতির গাজীপুর জেলা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা এ হুমকি দেন।সমিতির নেতারা বলেন, টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত আধা ঘণ্টা পথ চলতে গাড়িতে এখন কমপক্ষে চার ঘণ্টা সময় লাগে। বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ৪০ ভাগ রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিতভাবে রাস্তায় ইট ফেলার ফলে গাড়ির চাকা ও যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন পরিবহন নেতারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সহসভাপতি ও রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সামসুদ্দিন সরকার, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির গাজীপুর শাখার সভাপতি আবুল হাসেম সরকার, মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক আ. মালেক, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির গাজীপুর শাখার সাধারণ সম্পাদক কামরুল আহসান সরকার রাসেল, সমিতির কেন্দ্রীয় সদস্য ফয়সাল আহমেদ সরকার, রণজিৎ রায় প্রমুখ। এ ছাড়া বৃহত্তর ময়মনসিংহ জেলার সড়ক পরিবহন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।