গাজীপুরে সওজ ভবন ঘেরাও ঠিকাদারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা পরিশোধের দাবিতে গাজীপুরের সড়ক ও জনপথ (সওজ) ভবন প্রায় দুই ঘণ্টা ঘেরাও এবং সেখানে অবস্থান ধর্মঘট পালন করেছেন ঠিকাদারেরা। গতকাল মঙ্গলবার সকালে তাঁরা এই কর্মসূচি পালন করেন। এ ব্যাপারে তিন দিনের আল্টিমেটামও দিয়েছেন তাঁরা। স্থানীয় সওজ কার্যালয় ও ঠিকাদার সূত্রের ভাষ্য অনুযায়ী, গত বছর ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা বাইপাস সড়কের বেহালদশার কারণে সারা দেশের সঙ্গে রাজধানীর যোগাযোগ একরকম বিচ্ছিন্ন হয়ে পড়ে।সড়ক সংস্কারের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকেরা একপর্যায়ে যান চলাচল বন্ধ করে দেন। চাপের মুখে সওজ ঠিকাদারদের দিয়ে তড়িঘড়ি সংস্কারকাজ সম্পন্ন করে। কিন্তু কাজ শেষ হওয়ার পর এক বছর চলে গেলেও ঠিকাদারদের পাওনা টাকা ও বিল পরিশোধ করা হচ্ছে না।জুনের মধ্যে এই টাকা না পেলে তা বকেয়ার খাতায় চলে যাবে। এ জন্য গতকাল সকালে সওজের ৭০ জন তালিকাভুক্ত ঠিকাদার ওই কার্যালয় ঘেরাও ও অবস্থান ধর্মঘট পালন করেন। পরে গাজীপুর সওজের প্রধান প্রকৌশলী উৎপল শামন্ত পাওনা পরিশোধের আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি তুলে নেন। ঠিকাদার খোরশেদ আলম সরকার ও আবদুল মজিদ জানান, প্রথম পর্যায়ে স্থানীয় ঠিকাদারদের দিয়ে গাজীপুর সড়ক বিভাগের ৩৫ কোটি টাকার কাজ করা হয়। দ্বিতীয় পর্যায়ে করা হয় ৫০ কোটি টাকার কাজ। কিন্তু প্রথম পর্যায়ের কাজের পাওনা পরিশোধ না করেই দ্বিতীয় পর্যায়ের কাজের প্রায় পুরো পাওনা রেজা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়। এতে বঞ্চিত থেকে যান স্থানীয় ঠিকাদারেরা।উৎপল শামন্ত বলেন, ‘ঠিকাদারদের পাওনা বিষয়ে অতিরিক্ত বরাদ্দ চেয়ে সড়ক ও জনপথ ভবনে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, শিগগিরই সমস্যার সমাধান হবে।’