গাজীপুরে সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও
গাজীপুর সড়ক ও জনপথের (সওজ) তালিকাভুক্ত ঠিকাদারেরা গতকাল রোববার বেলা ১১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। চলমান সড়ক মেরামতের কাজ না পাওয়া এবং বকেয়া বিল পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনের সময় নির্বাহী প্রকৌশলী তাঁর কার্যালয়ে ছিলেন না।ঠিকাদারেরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গাজীপুরের বিভিন্ন সড়ক মেরামতের কাজ গাজীপুরের ঠিকাদারদের না দিয়ে টেন্ডার ছাড়াই কোটেশনের মাধ্যমে নির্বাহী প্রকৌশলী ঢাকার ঠিকাদারদের দিয়ে করাচ্ছেন। ইতিপূর্বে যাঁরা মহাসড়কের মেরামতকাজ করেছেন, তাঁদের লাখ লাখ টাকার বিল বকেয়া রয়েছে। ওই সব বিল না দিয়ে বর্তমানে যাঁরা কাজ করছেন, তাঁদের বিল পরিশোধ করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ১৫-১৬ জন ঠিকাদার সড়ক ভবনে নির্বাহী প্রকৌশলীর কক্ষের সামনে নানা স্লোগান দিয়ে ক্ষোভ করতে থাকেন। প্রায় এক ঘণ্টা স্থায়ী ওই বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, তালিকাভুক্ত ঠিকাদারেরা বিভিন্ন সময় সড়ক ভবনের জরুরি মুহূর্তে কাজকর্ম করে দিচ্ছেন। প্রায় সব ঠিকাদারের লাখ লাখ টাকা বছরের পর বছর আটকে আছে। অথচ এখন মেরামতকাজ করানো হচ্ছে ভাড়াটেদের দিয়ে।