গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় গতকাল শনিবার ট্রাক ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু ও আরও দুজন আহত হয়েছেন। হতাহতদের সবাই স্কুটারের যাত্রী।
নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাঘাইছুটি গ্রামের সোহাগ (২৬) ও মানিক (২৮)। আহত ব্যক্তিরা হলেন গফরগাঁও উপজেলার রৌহা গ্রামের মর্তুজা আলী (২৮) ও শহীদনগর গ্রামের মো. ওবায়দুল্লাহ (৩২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় লোকজন একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা নিয়ে ওই ট্রাকটি আটকাতে পেছনে ধাওয়া করেন। এ সময় ট্রাকটি শ্রীপুরের নয়ানগর হা-মীম ডেনিম লিমিটেডের সামনের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি স্কুটারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ওই স্কুটারের চার যাত্রী সোহাগ, মানিক, মর্তুজা আলী ও মো. ওবায়দুল্লাহ গুরুতর আহত হন। এলাকাবাসী ওই চারজনকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ ও মানিক মারা যান। খবর পেয়ে পুলিশ সোহাগ ও মানিকের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।