গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গাজীপুরের বানিয়ারচালা এলাকায় গতকাল শুক্রবার ট্রাক ও ব্যক্তিগত গাড়ির সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় গতকাল বেলা একটার দিকে অন্য গাড়িকে পাশ কাটাতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ব্যক্তিগত গাড়ির আরোহী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পেঙ্গুইনা গ্রামের এ কে এম নূরুল আমিন (৬০) নিহত এবং তাঁর ছেলে আশফাকুল ইসলাম (৩০) ও গাড়ির চালক (২৮) গুরুতর আহত হন।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় কাজী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। আর নূরুল আমিনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।