গাজীপুরে সড়কের চাঁদাবাজি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়ক সংস্কারের নামে যে চাঁদাবাজি চলছিল, তা গতকাল শনিবার বন্ধ করে দিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৌচাক-ফুলবাড়িয়া সড়ক নিয়ে গতকাল প্রথম আলোয় ‘সড়ক সংস্কারের নামে চাঁদাবাজি’ শিরোনামের প্রতিবেদন প্রকাশিত হয়। এটি পুলিশের নজরে এলে মৌচাক ফাঁড়ির পুলিশ ওই সড়কের কয়েকটি পয়েন্টে অভিযান চালায়। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল আলম বলেন, সড়কে চাঁদাবাজির খবর পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।
এদিকে বেহাল সড়কটি দেখতে গতকাল সকালে এলজিআরডির গাজীপুর জেলার নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম, কালিয়াকৈর উপজেলার নির্বাহী প্রকৌশলী সরকার সাজ্জাত কবীর ও সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান সেখানে যান।
সরকার সাজ্জাত কবীর বলেন, সড়কটির কয়েকটি স্থানে পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এক সপ্তাহের মধ্যে সড়কটির সংস্কারকাজ করা হবে।