গাজীপুরে সন্ত্রাসী ও র্যাবের গুলিবিনিময় গ্রেপ্তার ২
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় গত শুক্রবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় র্যাব সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে ছয়টি গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর গ্রামের রবিন (২২) ও পিরোজপুরের দুর্গাপুর গ্রামের সাইদ শেখ (২১)। রবিন টঙ্গীর বউবাজার এলাকার পূর্ব আরিচপুরে ও সাইদ মধুমিতা সড়কের হাবিব ম্যানশনে থাকতেন।র্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, অস্ত্র বেচাকেনার খবরের ভিত্তিতে র্যাবের সদস্যরা ক্রেতা সেজে রাত নয়টার দিকে মায়া হোটেলের দোতলায় অবস্থান নেন। বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করেন। পিছু নিলে সন্ত্রাসীরা র্যাবের সদস্যদের লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়ে। র্যাবও পাল্টা পাঁচটি গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় রবিন ও সাইদকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।মায়া হোটেলের ব্যবস্থাপক আবুল হোসেন বলেন, ‘আমাদের কোনো কিছু বলতে নিষেধ করা হয়েছে।’ এর বেশি কিছু তিনি বলেননি। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম জানান, অস্ত্র উদ্ধার ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে র্যাব রবিন ও সাইদের বিরুদ্ধে মামলা করেছে।