গাজীপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১
গাজীপুর পৌর এলাকার ভুরুলিয়া ফকিরবাড়ী এলাকায় গতকাল সোমবার বিকেলে সন্ত্রাসী হামলায় এক ব্যক্তি নিহত ও অপর একজন আহতের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হলেন গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া এলাকার কেরামত আলী সরকারের ছেলে মো. কামরুল ইসলাম (৪০)। আহত ব্যক্তি হলেন এক মোটর গ্যারেজের মালিক শাহ আলম (৩৪)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া এলাকায় গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কামরুল ইসলাম ফকিরবাড়ী জেবি পার্টস ওয়ার্ল্ড নামের একটি মোটর গ্যারেজের পাশে ক্যারাম খেলছিলেন। এ সময় দু-তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে। এতে কামরুল বুকে গুলিবিদ্ধ হন। এ সময় ঘটনার প্রতিবাদ করলে সন্ত্রাসীরা গ্যারেজ মালিক শাহ আলমকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায়। পরে এলাকাবাসী আহতদের গাজীপুর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিত্সক কামরুলকে মৃত ঘোষণা করেন। আহত শাহ আলমকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।