গাজীপুরে সন্ত্রাসীদের বাধায় শিডিউল কিনতে পারেননি ঠিকাদারেরা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গাজীপুর কার্যালয়ে জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেনের (৩৮) নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রায় অর্ধ কোটি টাকার দরপত্রের শিডিউল কিনতে ঠিকাদারদের বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, কয়েকজন ঠিকাদারকে সেখান থেকে উঠিয়ে নিয়ে মারধর করা হয়েছেও বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান লিটা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও জেলা যুবলীগের সদস্য আক্তারুজ্জামান ওরফে লিটন সন্ত্রাসী আনোয়ারসহ সাতজনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় মামলা করেছেন।মামলার অন্য আসামিরা হচ্ছেন: হোসেন (২২), সুরুজ (২৩), টোকাই সুজন (২৩), খোকন (২৫), ইদ্রিস (২৫) ও দেলোয়ার (২৫)। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার বিকেলে আক্তারুজ্জামান নলজানি এলাকায় অবস্থিত এলজিইডির কার্যালয়ের দোতলায় দরপত্রের শিডিউল কেনার জন্য যান। এ সময় আনোয়ারসহ উল্লিখিত আসামিরা তাঁকে কিল-ঘুষি দিয়ে জোর করে নিচে নামিয়ে আনেন। এখানে আরেক দফা মারধরের পর তাঁরা তাঁকে একটি মাইক্রোবাসে ওঠান। আনোয়ার তখন বাদীর মাথায় পিস্তল ঠেকিয়ে শিডিউল না কেনার জন্য শাসিয়ে গাজীপুর জেলা কারাগারের সামনে রাস্তায় নামিয়ে দেন। সন্ত্রাসীরা একই কায়দায় অপর দুই ঠিকাদার বিল্লাল হোসেন ও মোহাম্মদ হোসেনকে লাঞ্ছিত করে এলজিইডি কার্যালয় থেকে বের করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে মারধরের অভিযোগে আক্তার-উজ-জামান নামের আরেক ঠিকাদার একই থানায় শাহজাহান মিয়া, দেলোয়ার ও আমিনুল নামে তিনজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অনুসন্ধানে জানা গেছে, আনোয়ার গাজীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি। বর্তমানে কোনো পদে না থাকলেও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, আনোয়ার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। আনোয়ারের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১৪টি মামলা করা রয়েছে।