গাজীপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদ সভা
গাজীপুর সদর উপজেলার ইসলামপুর এলাকায় গতকাল রোববার সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। ইসলামপুর গ্রামের সর্বস্তরের মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এলাকাবাসী জানান, ইসলামপুর এলাকায় ১৪ নভেম্বর রাতে সন্ত্রাসীরা কলেজছাত্র মো. সোহেলের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সোহেলের প্রতিবেশী জুয়েলও আহত হন। এ ঘটনায় সোহেলের বাবা জয়দেবপুর থানায় মামলা করেন।এলাকাবাসীর ভাষ্যমতে, আসামিরা বাদীকে নানাভাবে হুমকি দিচ্ছে। তারই প্রতিবাদে গতকাল সকালে এলাকাবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় গাজীপুর পৌরসভার বাসন এলাকার কাউন্সিলর সেলিনা ইউনুছের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় জাতীয় পার্টির নেতা কাইয়ুম সরকার, হাবিবুর রহমান।সভায় বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোজায়েত হোসেন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা ঘটনা ঘটিয়ে পরিবারসহ ঘরছাড়া। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।