গাজীপুরে সমাহিত হলেন ইশরাত আখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ইশরাত আখন্দের মরদেহ বুঝে নিচ্ছেন স্বজনেরা। গতকাল রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মরদেহ হস্তান্তর করা হয়। l ছবি: প্রথম আলো
গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ইশরাত আখন্দের মরদেহ বুঝে নিচ্ছেন স্বজনেরা। গতকাল রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মরদেহ হস্তান্তর করা হয়। l ছবি: প্রথম আলো

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের হাতে নিহত ইশরাত আখন্দের দাফন গতকাল সোমবার বিকেলে গাজীপুরে সম্পন্ন হয়েছে।
গতকাল সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশি-বিদেশি নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের পর ইশরাত আখন্দের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সে সময় ইশরাতের মা, ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আর্মি স্টেডিয়াম থেকে বেলা পৌনে একটায় ইশরাতের মরদেহ উত্তরার বাসায় নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে দুইটায় বাসার পাশে উত্তরার বাদশাহর টেক জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ নেওয়া হয় এক ভাইয়ের কর্মস্থল গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বিকেল সাড়ে চারটার দিকে ইনস্টিটিউটের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এ সময় ইশরাতের মামা হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. সাজ্জাদুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশরাফ হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, নিহত ইশরাত আখন্দের বড় ভাই আলী হায়াত আখন্দ, অপর ভাই কৃষি গবেষণা ইনস্টিটিউটের জীবপ্রযুক্তি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ ইউসুফ আখন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ভাগ্যরাণী বণিক, সাবেক মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস, পরিচালক প্রশাসন শাহজাহান কবীর, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান এবং ইশরাত আখন্দের স্বজনেরাও উপস্থিত ছিলেন।
বিচারপতি ওবায়দুল হাসান সম্পর্কে ইশরাতের মামা। তিনি সাংবাদিকদের বলেন, ইশরাত ছিলেন খুব ভালো মানুষ এবং সৃজনশীল। সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। রবীন্দ্রসংগীতশিল্পী চঞ্চল খানও সম্পর্কে ইশরাতের মামা। তিনি বলেন, ইশরাত ছিলেন সদা হাস্যোজ্জ্বল। মিশুক-প্রকৃতির হওয়ায় সব বয়সীর সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। শিল্পকলা ও সংগীতের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা।
ইশরাতকে শেষবিদায় দিতে এসেছিলেন চিত্রশিল্পী হাশেম খান। তিনি বলেন, এখনকার প্রজন্মকে মুক্তিযুদ্ধের শিক্ষা, মানবিকতার শিক্ষা দিতে হবে; যাতে আর এ ধরনের ঘটনা এই দেশে না ঘটে। তাঁদের যাতে সন্ত্রাসীরা বা মৌলবাদীরা মগজধোলাই করতে না পারে, পরিবারের সদস্যদের সে বিষয়ে সজাগ থাকতে হবে।
ইশরাতের ভাই আবদুল্লাহ ইউসুফ আখন্দ বলেন, তাঁর কর্মস্থল কৃষি গবেষণা ইনস্টিটিউটে বোনকে দাফন করা হয়েছে। কারণ, ইশরাত মারা গেছে প্রায় চার দিন হয়ে গেছে। ঈদের যানজটের সময় লাশ তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার মদন থানা পর্যন্ত নেওয়ার ঝুঁকি নেননি।
নিহত ইশরাত আখন্দ তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট। তিনি ঢাকার একটি বায়িং হাউসের মানবসম্পদ বিভাগের পরিচালক ছিলেন। তিনি শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন।