গাজীপুরে সাত ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাত ব্যবসায়ীকে ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। ফরমালিন থাকায় বিনষ্ট করা হয় ৩৫ কেজি মাল্টা ও আঙুর। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল ১০টা থেকে শহরের হাসপাতাল রোড, বাজার বাসস্ট্যান্ড, রেলগেট, উত্তর বিলাসপুরসহ বিভিন্ন এলাকায় তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জীবন ও নিরাপত্তা বিপন্ন করে ক্লিনিক পরিচালনা এবং অস্বাস্থ্যকর অবস্থায় জীবনরক্ষাকারী ওষুধ সংরক্ষণ করায় সততা ক্লিনিকের মালিক মাহবুবুল আলম সরকারকে ১০ হাজার ও আল-হেরা হাসপাতালের মালিক ইমরুল কায়েসকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ফরমালিনযুক্ত ফল বিক্রির দায়ে জয়দেবপুর বাজারের জালাল উদ্দিন ও খোকন মিয়াকে পাঁচ হাজার টাকা করে, মো. ইমরানকে এক হাজার, মো. ওয়াসিমকে ৫০০ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে গ্রামবাংলা দধি ভান্ডারের মালিক দেলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ফরমালিনযুক্ত ৩৫ কেজি মাল্টা ও আঙুর নষ্ট করা হয়।তিনটি আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম শাহিনুর ইসলাম, সঞ্জীব কুমার দেবনাথ ও বিজেন ব্যানার্জি। সঙ্গে ছিলেন গাজীপুরের জেলা বাজার কর্মকর্তা মুহাম্মদ আবদুছ ছালাম ও সদর হাসপাতালের চিকিৎসক মো. আতিকুল ইসলাম। অভিযানের সত্যতা নিশ্চিত করে বাজার কর্মকর্তা মুহাম্মদ আবদুছ ছালাম বলেন, ভোক্তা অধিকার আইনে (২০০৯) এসব জরিমানা করা হয়েছে।