গাজীপুরে সাধকদের আস্তানায় আগুন
গাজীপুর সদর উপজেলার লোহাকৈর এলাকায় গত সোমবার রাতে লোহা আলীর (রা.) মাজারের সাধকদের আস্তানায় আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাকৈর এলাকার ওই মাজারের পাশে দীর্ঘদিন ধরেই আস্তানা গড়ে তুলে কয়েকজন সাধক অবস্থান করছিলেন। গত সোমবার দুপুরে এলাকার কয়েকজন বখাটে সাধক আ. বাতেন ও রফিকুলের কাছে টাকা দাবি করে। টাকা না দিলে তাঁদের মারধর করে চলে যায়। বিষয়টি এলাকার মাতবরেরা মীমাংসা করে দেন। কিন্তু সোমবার রাত নয়টার দিকে স্থানীয় কয়েকজন ওই আস্তানার চারপাশের বেড়া ভাঙচুর করে ওপরে দেওয়া লাল শামিয়ানায় আগুন দেয়। এ সময় সাধকদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। সাধকেরা চলে যাওয়ায় মাজার এলাকার লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাজারের খাদেম কলিম উদ্দিন জানান, দেশের সব মাজারেই সাধকেরা থাকেন। এখানেও কয়েকজন সাধক ছিলেন। তাঁদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। মাজারের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, সাধকেরা মাজার এলাকায় গাঁজা খেয়ে অকথ্য ভাষায় স্থানীয়দের গালিগালাজ করায় এলাকার কয়েকজন তাঁদের তাড়িয়ে দিয়েছে। স্থানীয় পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিয়াজ জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি।