গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
গাজীপুর চৌরাস্তা এলাকায় একটি মিনি কাভার্ড ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় ব্যক্তি দগ্ধ হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আবদুল জলিল (২৬), হায়দার আলী (৪০), আপন সরকার (৩০) ও আবদুল বারেক (৩৪)। তাঁরা ওই এলাকার আহসান কম্পোজিট নামের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। অপর দুই আহত ব্যক্তি হলেন আলী আসগর (৪০) ও মো. আমানউল্লাহ (৩৮)। তাঁরা শফি প্রসেসিং ইন্ডাস্ট্রিজ নামের আরেকটি প্রতিষ্ঠানে কাজ করেন।
দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন আহসান কম্পোজিটের প্রশাসনিক কর্মকর্তা আনিসউদ্দিন। তাঁর ভাষ্য, আজ বেলা ১১টার দিকে আহসান কম্পোজিটে সুতা নিতে একটি মিনি কাভার্ড ভ্যান নিয়ে আসেন আসগর ও আমানউল্লাহ। অন্যান্য গাড়ির মতো তাঁরা সুতা নিতে গাড়ির লাইন দেন। এ সময় বিকট শব্দে ওই মিনি কাভার্ড ভ্যানটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ওই ছয় ব্যক্তি দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ওই ছয়জনের হাসপাতালে ভর্তির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।