গাজীপুরে সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় গতকাল শনিবার একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে।কারখানা ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, কোনাবাড়ী বিসিক শিল্প এলাকার কাদের কমপ্রেক্ট স্পিনিং লিমিটেড কারখানায় গতকাল বেলা আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই তা কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে আগুনে কারখানার সুতা, ববিন, ফলসিলিংসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।কারখানার ব্যবস্থাপক মমিনুল ইসলাম দাবি করেছেন, আগুনে কারখানার প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গাজীপুর দমকল বাহিনীর উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।