গাজীপুরে সুতার কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় গিভেন্সি গ্রুপের রিসাইক্লিং প্লান্টে গতকাল শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার মেশিনারিজ, সুতা, তুলাসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
কারখানায় পরিত্যক্ত কাপড় থেকে সুতা তৈরি করা হয়। কারখানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় গতকাল বেলা সোয়া একটার দিকে গিভেন্সি গ্রুপের মাসুমা খাতুন টেক্সটাইলের পাশে রিসাইক্লিং প্লান্টের টিনশেড ভবনে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো কারখানায় তা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় কারখানার শ্রমিকদের সবাই দুপুরের খাবারের জন্য বাইরে ছিলেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিন মিয়া আগুন লাগার ঘটনা নিশ্চিত করে জানান, আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে তিনটার দিকে নেভানো হয়। তাঁদের সঙ্গে ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভানোর কাজে যোগ দেন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাইফুল রানা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানার সবই পুড়ে গেছে। তবে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।