গাজীপুরে সুতার কারখানায় ডাকাতি আহত ১৫, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে একটি সুতা তৈরির কারখানায় ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে কারখানার কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন। গত শুক্রবার রাতে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের খান ব্রাদার্স নিটওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পুলিশ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, শুক্রবার রাত দুইটার দিকে ওই কারখানায় ২০-২৫ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে ১৭-১৮ জন শ্রমিককে মারধর করে তাঁদের কাছ থেকে ১৫টি মুঠোফোন ও ১০-১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। কারখানার সামনে দিয়ে পুলিশ যাওয়ার সময় কারখানার গেট খোলা দেখতে পায়। পরে পুলিশ ভেতরে প্রবেশ করে বাঁশি বাজালে ডাকাতেরা পালিয়ে যায়। এ সময় পাশের একটি জঙ্গলে পালিয়ে থাকা আলমগীর হোসেন (৩৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। ডাকাতদের হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক হযরত আলী জানান, সময়মতো পুলিশ চলে আসায় কারখানার মালামাল ডাকাতেরা নিতে পারেনি।জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।