গাজীপুরে সুনামগঞ্জের ইউএনওসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা
গাজীপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খয়বর রহমানসহ (সাবেক সহকারী কমিশনার ভূমি, গাজীপুর সদর উপজেলা) সাতজনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর থানায় একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।মামলার অন্য আসামিরা হলেন: গাজীপুর পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আবদুল লতিফ (বর্তমানে গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা), গাজীপুর পৌর ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা আবদুল হাই সিকদার, গাজীপুর সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. জহিরুল হক, একই অফিসের নামজারি সহকারী রুহুল আমিন, অফিস সহকারী মো. আবু সাহিদ ও সদর উপজেলার ধীরাশ্রমের মৃত সরাফত আলীর ছেলে মো. হারুন মিয়া। সরকারি কর্তব্য পালনকালে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণপূর্বক সম্পত্তি আত্মসাৎ করার অপরাধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২-এর সহকারী পরিচালক এম এইচ রহমত উল্লাহ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর থানায় ওই মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুরে দায়িত্ব পালনকালে আসামিরা পরস্পরের যোগসাজশে ২০০৬ সালের জানুয়ারি মাসে গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম মৌজার ১৮৫৬ দাগের ২৬ শতাংশ ভিপি (অর্পিত) সম্পত্তি অবৈধভাবে মৃত সরাফত আলীর ছেলে হারুন মিয়ার নামে নামজারি করে দেন।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।