গাজীপুরে সেনাপ্রধানের টিটিটিআই পরিদর্শন
গাজীপুর সেনানিবাসে অবস্থিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) গতকাল মঙ্গলবার সকালে পরিদর্শন করেছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। একই সময় তিনি টিটিটিআই পরিচালিত সব কোর্সের তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস পরিদর্শন এবং ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল সকাল পৌনে নয়টায় গাজীপুরের মেশিন টুলস কারখানার অভ্যন্তরে সেনাবাহিনী পরিচালিত টিটিটিআইতে বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি ঘুরে দেখেন সেনাপ্রধান। পরিদর্শনকালে তিনি বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুবিধা-অসুবিধার কথা মন দিয়ে শোনেন। এ সময় সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডজুটেন্ট জেনারেল ও টিটিটিআইয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ ও ওই প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সেনাপ্রধানকে ওই প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ লে. কর্নেল আছয়াদুর রহমান খান সামগ্রিক প্রশিক্ষণ কর্মসূচি বিষয়ে অবহিত করেন। জানা যায়, সেনাপ্রধান টিটিটিআইয়ের ড্রাইভিং ভিলেজের ওপর বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং ড্রাইভিং কোর্সের ছাত্রদের জন্য নতুন প্রশিক্ষণ পদ্ধতি প্রবর্তন করায় সন্তোষ প্রকাশ করেন। ড্রাইভিং প্রশিক্ষণের সময় শিক্ষার্থীদের সব ধরনের সড়ক সংকেত ও সিগন্যাল এবং রোড-মার্কিংয়ের সঙ্গে পরিচয় করানো হয়। একই সঙ্গে এগুলোর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জানানো হয়। বাংলাদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ ধরনের ড্রাইভিং ভিলেজ একমাত্র গাজীপুরের টিটিটিআইতেই প্রথম স্থাপন করা হয়েছে। বর্তমানে ওই প্রশিক্ষণ ইনস্টিটিউটে রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর, ড্রাইভিংসহ আটটি বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণে ৪৩৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।