গাজীপুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার
গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনা এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে গতকাল মঙ্গলবার সকালে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাড়ির মালিক ও তাঁর বাবাকে আটক করেছে।নিহত মো. সিয়াম (৪) জামালপুরের ইসলামপুর উপজেলার বড় দেলীরপাড় গ্রামের নূর ইসলামের ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দক্ষিণ সালনা মিয়াপাড়া এলাকার নূরুল ইসলামের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকেন নূর ইসলাম। গত শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে তাঁর ছেলে সিয়াম নিখোঁজ হয়। গত সোমবার রাত থেকে বাড়ির পাশের পুরোনো সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুর্গন্ধ বের হয়। বাড়ির লোকজন বাতি জ্বালিয়ে ট্যাংকের ভেতরে একটি লাশ দেখতে পান। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ গতকাল সকালে শিশু সিয়ামের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাড়ির মালিক নূরুল ইসলাম ও তাঁর বাবা ফজর আলীকে আটক করে।নূর ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি সদর উপজেলার মোগরখাল এলাকার রোজ সোয়েটার কারখানার নিটিং সুপারভাইজার। সাত বছর ধরে তিনি ওই বাড়িতে ভাড়া থেকে চাকরি করছেন। ছেলে সিয়াম নিখোঁজের কয়েক দিন আগে বাড়িওয়ালার ভাতিজির (১৫) সঙ্গে ঝগড়া হয়। ওই ঘটনার পর শিশু সিয়ামকে মারধর করেন বাড়িওয়ালার বাবা ফজর আলী। তাঁর ধারণা, এসব ঘটনা কেন্দ্র করেই সিয়ামকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, ‘এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা সম্ভব হবে।’