গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের বোর্ডবাজার এলাকার মেট্রিক্স সোয়েটার কারখানায় গতকাল সকালে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানা ভবনের সপ্তম ও অষ্টম তলায়। প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা l ছবি: প্রথম আলো
গাজীপুরের বোর্ডবাজার এলাকার মেট্রিক্স সোয়েটার কারখানায় গতকাল সকালে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানা ভবনের সপ্তম ও অষ্টম তলায়। প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা l ছবি: প্রথম আলো

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় গতকাল মঙ্গলবার একটি সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পাঁচ শ্রমিক। আগুনে প্রায় শতকোটি টাকার তৈরি পোশাক পুড়ে গেছে বলে দাবি করেছে ছয়দানা এলাকায় অবস্থিত কারখানাটির কর্তৃপক্ষ।
গত ২৩ জানুয়ারি জেলার পুবাইলে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে আটজন নিহতের ঘটনার রেশ কাটতে না-কাটতেই আবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
পুলিশ ও কারখানার শ্রমিক-কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে মেট্রিক্স সোয়েটার কারখানার আটতলা ভবনের সপ্তম তলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সাততলার পুরোটাতেই আগুন ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জয়দেবপুর, টঙ্গীসহ আশপাশের কয়েকটি ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। প্রায় ছয় ঘণ্টা চেষ্টা করে বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে সিনথেটিক জাতীয় উপাদানে তৈরি সোয়েটার পুড়ে বের হওয়া বিষাক্ত গ্যাসে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা দিলে তাঁরা সুস্থ©হন। এ ছাড়া আগুনে কারখানার পাঁচজন শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অগ্নিকাণ্ডের সময় আশপাশের লোকজন কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ধারে ভিড় জমান। মহাসড়কে ফায়ার সার্ভিসের গাড়ি ও মানুষের ভিড়ে ওই সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমস্যা এড়াতে ভোগড়া বাইপাস মোড়ে ব্যারিকেড দিয়ে ঢাকামুখী গাড়ি চলাচল বেলা একটা পর্যন্ত বন্ধ রাখে। বিকল্প হিসেবে ঢাকাগামী যানবাহনগুলোকে ঢাকা বাইপাস সড়ক ব্যবহার করে মীরের বাজার ও টঙ্গী হয়ে চলতে দেওয়া হয়। প্রায় আধঘণ্টা পর উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের লেনটি ছেড়ে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি কারখানা গতকাল মঙ্গলবারের জন্য ছুটি দেওয়া হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, চার দিন আগে একই কারখানার অভ্যর্থনাকক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছিল কারখানা কর্তৃপক্ষ।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোরশেদুল ইসলাম জানান, গুদামে আগুন ছড়িয়ে পড়ায় তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনে কারখানার সপ্তম ও অষ্টম তলায় থাকা তৈরি পোশাক পুড়ে গেছে। তবে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত অঙ্ক তদন্তের আগে বলা সম্ভব নয়।
তবে কারখানার পরিচালক (অর্থ) অনিমেষ মজুমদার দাবি করেন, অষ্টম তলায় রপ্তানির উপযোগী তৈরি সোয়েটারের গুদাম ছিল। আগুনে সেগুলো পুড়ে প্রায় শতকোটি টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে যান। তাঁরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম জানান, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।