গাজীপুরে সোহেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর উচ্চবিদ্যালয়ের মেধাবী ছাত্র সোহেল রানা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। গতকাল শনিবার সকালে ভবানীপুর উচ্চবিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন ভবানীপুর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, গাজীপুর জেলা যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক ফিরোজ মিয়া, নিহত সোহেল রানার বাবা ফজলুল হক, নানা আবদুল খালেক প্রমুখ। বক্তারা সোহেল রানার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফজলুল হক বলেন, ২০১৩ সালের ৮ ডিসেম্বর হত্যাকারীরা সোহেলকে অপহরণ করে। পরে ৯ ডিসেম্বর তারা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন বিকেলে পাশের গজারি বনে সোহেলের লাশ পাওয়া যায়। মুক্তিপণের টাকা দিতে না পারায় অপহরণকারীরা সোহেলকে হত্যা করে। পরে তিনি (ফজলুল হক) জয়দেবপুর থানায় অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় সেলিম নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সেলিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর পুলিশ সাতজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।